ট্রেনের এসি কুপে ‘হানিমুন স্যুইট’! সাসপেন্ড টিটি

0
23
ছবি সৌজন্যে : এক্স
ভারতীয় রেলের ফার্স্ট এসি কুপকে হানিমুন স্যুইটে’র আদলে সাজানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। মহারাষ্ট্রের ১১০০২ নম্বর নন্দীগ্রাম এক্সপ্রেসের একটি ফার্স্ট এসি কুপে বেলুন, ফুলের সাজ, হাজার হাজার গোলাপের পাপড়ি এবং দেওয়ালে আই লাভ ইউ লেখা বার্তা দিয়ে তৈরি করা হয়েছিল বিশেষ আয়োজন।
চলন্ত ট্রেনে এই সাজসজ্জার ভিডিও ভাইরাল হওয়ার পরই ঘটনার তদন্তে নামে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মহারাষ্ট্রের রাহাত রুম ডেকরেশন নামে একটি সংস্থাকে অনলাইনে দায়িত্ব দিয়েছিলেন এক দম্পতি। জলনা জেলার ওই দম্পতির জন্য ফার্স্ট এসি কুপে সাজানোর ব্যবস্থা করা হয়েছিল। তাঁরা গাড়িতে করে ঔরঙ্গাবাদ থেকে জলনা স্টেশনে পৌঁছনোর আগেই ডেকরেটর দলের সদস্যরা ট্রেনে উঠে কুপে সাজিয়ে দেন।
পরে জলনা স্টেশন থেকে ওই দম্পতি ট্রেনে ওঠেন। তদন্তে উঠে এসেছে, ডেকরেটরের ট্রেনে প্রবেশের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। ঘটনার জেরে সংশ্লিষ্ট ডেকরেটরের বিরুদ্ধে রেল আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে থাকা চিফ টিকিট ইনস্পেক্টর গিরিশ কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রেল।