
হংকঙে একের পর এক বহুতল আবাসনে আগুন লাগার ঘটনায় অন্তত ৫৫ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন অন্ততপক্ষে ৩০০ জন।
আবাসনগুলির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন হংকয়ের দমকল কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহজনক তিন জনকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। দুর্ঘটনাস্থলেই ন’জনের মৃত্যু হয়। আগুনে দগ্ধ অবস্থায় চারজন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় এক দমকলকর্মীরও। অগ্নিকাণ্ডের তীব্রতার বিচারে এটিকে লেভল ৫ অ্যালার্ম ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের পরে ওই আবাসনগুলি থেকে প্রায় ৭০০ জনকে উদ্ধার করা হয়েছে। অস্থায়ী ভাবে তাঁদের একটি আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ওই সাতটি আবাসন মিলিয়ে প্রায় ২ হাজার টি অ্যাপার্টমেন্ট রয়েছে। আটটি ব্লক মিলিয়ে প্রায় ৪ হাজার ৮০০ লোকের থাকার ব্যবস্থা রয়েছে এই বহুতলগুলিতে।







