
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ফের হরমুজে তালা ঝুলিয়েছে ইরান। এই অবস্থায় হরমুজ পেরতে গিয়ে এলোপাথাড়ি গুলির মুখে পড়ল দু’টি জাহাজ।
হরমুজ পেরনোর পথে শনিবার এমনটাই দাবি করেছে দুটি পণ্যবাহী জাহাজ। তবে কে বা কারা জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়েছে, হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিশদে কিছুই জানা যায়নি।এদিকে,হরমুজকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয়েছে আমেরিকার ও ইরানের। এর আগে ইজরায়েল এবং লেবাননের মধ্যে দশদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইরান। এরপরই সোশাল মিডিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিতে প্রস্তুত। ওরা আর এটা বন্ধ করবে না, এবং এই প্রণালীকে বিশ্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না। এর পালটা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড একটি বিবৃতিতে জানায়, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে।ইরান হরমুজ খুলে দেওয়া সত্ত্বেও আমেরিকা ওই জলপথে অবরোধ অব্যাহত রেখেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত ইরানগামী সমস্ত জাহাজের অবাধ চলাচল আমেরিকা নিশ্চিত করবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে।
এরপরই সামনে এসেছে পণ্যবাহী জাহাজের উপর হামলার ঘটনা। পণ্যবাহী জাহাজের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা বিভাগ-সহ তিনটি সূত্র থেকে এই তথ্য সামনে এসেছে। এদিকে সব ঠিকঠাক থাকলে সোমবার ইসলামাবাদে বসতে চলেছে ইরান-আমেরিকার দ্বিতীয় দফার শান্তি আলোচনা। সেক্ষেত্রে রবিবারই পাকিস্তানে পৌঁছে যেতে পারেন দুই পক্ষের প্রতিনিধি দল।






