
আন্তর্জাতিক চলচ্চিত্রের পর প্রিয়ঙ্কা চোপড়াকে এবার দেখা গিয়েছে হলিউডের এক পুরস্কার প্রদানের মঞ্চেও। আর সেখানেও সাজেগোজে , হাবেভাবে প্রিয়ঙ্কা চোপড়া বুঝিয়ে দিয়েছেন কেন তিনি এখনও আলোচনার কেন্দ্র হতে পারেন।
আন্তর্জাতিক ক্ষেত্রে এবং হলিউডে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের পরেই গোল্ডেন গ্লোবের স্থান। সেই অনুষ্ঠানে যে হলিউডের দিকপাল সব অভিনেতাদের পাশে প্রিয়ঙ্কা চোপড়াকেও যে সঞ্চালনার জন্য ডাকা হচ্ছে, তা বেশ কিছু দিন আগেই জানা গিয়েছিল। ভারতীয় সময় রবিবার গভীর রাতে যখন প্রিয়ঙ্কাকে স্বামী নিক জোনাসের হাত ধরে সেখানে পৌঁছতে দেখা গিয়েছে তখন ফ্ল্যাশ বাল্বের ঝলকানি থামতে চাইছিল না। প্রিয়ঙ্কার গ্ল্যামারাস অথচ সংযত সাজের প্রশংসা হয়েছে ফ্যাশন দুনিয়াতেও।
গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রিয়ঙ্কা পরেছিলেন একটি গাঢ় নীল রঙের স্ট্র্যাপলেস গাউন। যা বিলাস ব্র্যান্ড ডিয়র-এর ,ওট কুচুয়। কোনও বিলাসি ব্র্যান্ডের নামী পোশাকশিল্পী যখন কোনও পোশাক বহুমূল্য সামগ্রী দিয়ে বিশেষ ভাবে তৈরি করে, তখন তাকে বলা হয় , ওট কুচুয়। যার আক্ষরিক অর্থ উচ্চমানের পোশাক। প্রিয়ঙ্কার ওট কুচুয় গাউনটি তৈরি করেছেন আইরিশ পোশাকশিল্পী জোনাথন অ্যান্ডারসন।
