
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম আরও বৃদ্ধি পেতে চলেছে। আগামী কয়েক দিন প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা থাকবে অন্তত চার ডিগ্রি উপরে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের অস্বস্তি অনুভূত হবে সপ্তাহভর। উত্তরবঙ্গেও গরম বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুক্রবার। রবিবার পর্যন্ত পাহাড়ি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
এ ছাড়া, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোথাও কোথাও শুক্রবার এবং শনিবার বৃষ্টি হতে পারে। উত্তরের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
