উত্তপ্ত পশ্চিম এশিয়া, ক্যাবিনেট কমিটির বৈঠকে মোদী 

0
179

সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সদস্যরা। সূত্রের খবর, ক্যাবিনেট কমিটির বৈঠকে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

 

ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির জেরে বাণিজ্য এবং তেল আমদানি কতখানি ক্ষতিগ্রস্ত হবে, তার জেরে দেশে কেমন প্রভাব পড়তে পারে সেই নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।জানা গিয়েছে, এই জরুরি বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে অত্য়ন্ত উদ্বিগ্ন বলেই বর্ণনা করা হয়েছে ওই বৈঠকে। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হলে বাণিজ্য, সাপ্লাই চেইন, বিশেষ করে তেল, পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যে আমদানি-রফতানিতে প্রভাব পড়বে। যুদ্ধ থামিয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুক বিবদমান দেশগুলো, দিল্লির তরফে একাধিকবার এই বার্তা দেওয়া হয়েছে। গত বছরের অক্টোবর মাস থেকে ইজরায়েল-হামাসের মধ্যে শুরু হওয়া সংঘর্ষের জেরে আমদানি-রফতানিতে ব্যাপক প্রভাব পড়েছে। গত বছরেই যেখানে ৯.৫৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল, সেখানেই চলতি বছরে বাণিজ্য ৩৭.৫৬ শতাংশ কমে ৫.৯৬ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।