
ভোটের প্রচারে রাজ্যে এসে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঝালমুড়িই ব্রিগেডে শপথ অনুষ্ঠানের হটকেক। শুধু ঝালমুড়িই নয়, ব্রিগেডে স্টল হয়েছে বাংলার প্রসিদ্ধ মিষ্টি রসগোল্লা, মিহিদানা, মিষ্টি দইয়ের।
তবে উল্লেখযোগ্যভাবে ভিড় বেশি ঝালমুড়ির স্টলেই। বিজেপি কর্মী সমর্থকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে ঝালমুড়ি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড কার্যত মেলার রূপ নিয়েছে। শুধু খাবারের স্টল নয়। রবীন্দ্রসঙ্গীত থেকে ছৌনাচ, বাউল থেকে সাধু সন্তরা। কার্যত একটুকরো বাংলা তুলে আনা হয়েছে ব্রিগেডে। শনিবার সকাল থেকে কলকাতা যেন ব্রিগেড মুখী। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে ১৫ ফেব্রুয়ারি ব্রিগেডে বিশাল জনসভা করেছিলেন নরেন্দ্র মোদী।
পালাবদলের পর রবীন্দ্রজয়ন্তীর দিন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই শপথ নিলেন বাংলার বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।





