
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে বিষ খাইয়ে খুনের অভিযোগে প্রতিবেশী যুবকের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার রঘুদেবপুরে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই চন্দ্রাণী নস্কর নামে ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন বিশাল নস্কর নামে ওই যুবক। কিন্তু চন্দ্রাণী তাতে রাজি ছিলেন না। প্রায়ই রাস্তা আটকে বিশাল উত্যক্ত করত বলে অভিযোগ। ২৫ নভেম্বর রাস্তা আটকে জোর করে পানীয়ের সঙ্গে কীটনাশক খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিশালের বিরুদ্ধে। বাড়ি ফিরে পরিবারকে সবটা জানায় চন্দ্রাণী। এরপরেই আশঙ্কাজনক অবস্থায় বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একমাস ধরে চিকিৎসাধীন ছিলেন ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী। বুধবার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
স্থানীয়রা অভিযুক্ত বিশালের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে। ধরিয়ে দেওয়া হয় আগুন। পরে বিষ্ণুপর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
