
হাত, পা এবং পেটে হিন্দিতে লেখা সুইসাইড নোট, উত্তরপ্রদেশের বাগপতে এক গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মনীশা। বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে খবর।
আত্মহত্যার জন্য স্বামী কুন্দন এবং শ্বশুরবাড়িকে দায়ী করে নিজের গায়ে সুইসাইড নোট লিখে গিয়েছেন মনীশা। নোটে মূলত পণের জন্য অত্যাচার, মানসিক নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন। কীভাবে তাকে দিনের পর দিন গঞ্জনা এবং লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, সে কথাও উল্লেখ করে গিয়েছেন।
মৃত্যুর আগে একটি ভিডিও করেন মনীশা। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ওই ভিডিওতে মনীশা কাদতে কাঁদতে তাঁর স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি এবং দেওয়ের বিরুদ্ধে পণের জন্য ক্রমাগত হেনস্থার অভিযোগ তুলেছেন। পণের দাবি না মানায় তাঁকে বিদ্যুৎস্পষ্ট করে হত্যা করারও চেষ্টা হয় বলে অভিযোগ।








