
তৃণমূলের আপত্তি সত্ত্বেও বহুতল আবাসনে বুথ তৈরি করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। শুক্রবারের সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এই বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে রিপোর্ট চেয়েছিল কমিশন।
শর্ত ছিল যে সব আবাসনে ৩০০ বা তার বেশি ভোটার রয়েছেন, তাদের বিস্তারিত তথ্য পাঠাতে হবে। সিইও সূত্রে খবর ৭ জেলা থেকে ইতিমধ্যেই রিপোর্ট জমা পড়েছে। জানা গিয়েছে ওই সাত জেলায় ৬৯টি বহুতল আবাসনে ৩০০-র বেশি ভোটার রয়েছে। কয়েকদিন আগেই জেলা নির্বাচন আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন সিইও মনোজ আগরওয়াল। বৈঠকে উত্তর ও দক্ষিণ কলকাতা, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া ও হুগলির জেলা নির্বাচন আধিকারিকরা ছিলেন।
রিপোর্ট অনুযায়ী ৬৯টি বহুতল আবাসনের মধ্যে দক্ষিণ কলকাতায় ২, উত্তর কলকাতায় ৮, দক্ষিণ ২৪ পরগনায় ২৫, উত্তর ২৪ পরগনায় ২২, হাওড়ায় ৮, পূর্ব বর্ধমানে ৩ এবং হুগলিতে ৫ রয়েছে।





