
গণবিক্ষোভের জেরে গত বছরের আগস্ট মাস থেকে ভারতে অজ্ঞাতবাসে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে নিজের দেশে ফিরবেন?
এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের বক্তব্য, এটি হাসিনার ব্যক্তিগত বিষয়। নিজের দেশের পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেবেন তিনি।উল্লেখ্য সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন তথা গণবিক্ষোভের জেরে গত বছরের আগস্ট মাসে আওয়ামি লিগের দেড় দশকের শাসনকালের সমাপ্তি হয়। সেনার পাহারায় দেশ ছাড়েন হাসিনা। এরপর থেকে ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি। ইতিমধ্যে দু’বার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। এক সাক্ষাৎকারে জয়শংকরকে প্রশ্ন করা হয়, হাসিনা কি যত দিন ইচ্ছে ভারতে থাকবেন? উত্তর বিদেশমন্ত্রী বলেছেন, একটা বিশেষ পরিস্থিতিতে তিনি এখানে এসেছিলেন। আমার মনে হয় সেই সময়ের পরিস্থিতিই স্পষ্ট করেছে তাঁর সঙ্গে কী ঘটেছিল।
কিন্তু আবারও বলছি, এটা এমন একটি বিষয় যেখানে তাঁকেই বাংলাদেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।একইসঙ্গে দু’ দেশের সম্পর্ক নিয়ে জয়শংকর বলেছেন, আমরা শুনেছি যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাঁদের বিগত নির্বাচন পরিচালনা নিয়ে সংশয় ছিল। নির্বাচনটাই যদি ইস্যু হয়, তবে সবার আগে সেখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক।









