
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় মেয়াদের কয়েক মাসের মধ্যেই তিনি সাতটি বড় আন্তর্জাতিক সংঘাতের অবসান ঘটিয়েছেন।তবে তিনি স্বীকার করেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধান করা তার জন্য সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে।সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, তিনি সাতটি যুদ্ধ সমাপ্ত করেছেন।
এর মধ্যে তিনটি সংঘাত ৩০ বছরেরও বেশি সময় ধরে চলছিল। একটি যুদ্ধে ৩১ বছরে প্রায় এক কোটি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেন তিনি। তবে রাশিয়া-ইউক্রেন সংঘাতকেই তিনি সবচেয়ে কঠিন বলেছেন। তার ভাষায়, ভেবেছিলেন প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের সঙ্গে সম্পর্ক থাকায় এটা সহজ হবে, কিন্তু এটাই সবচেয়ে কঠিন প্রমাণিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, তার মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যায়। তবে ভারত বলে আসছে, পাকিস্তানের সেনা কর্মকর্তার অনুরোধেই যুদ্ধবিরতি হয়েছিল, এতে আমেরিকার সরাসরি ভূমিকা নেই। একইভাবে,থাইল্যান্ড-কাম্বোডিয়া,সীমান্ত সংঘাতে তার ফোন কলের পর দু’ দেশ অস্ত্রবিরতিতে রাজি হয়। তবে বিশেষজ্ঞদের মতে,আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি বজায় রাখাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য, মূল সমস্যার সমাধান হয়নি।
এরপর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, কঙ্গো-রুয়ান্ডা ৩০ বছরের দ্বন্দ্ব প্রশমিত করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, রুয়ান্ডার গণহত্যা-পরবর্তী শরণার্থী সংকট ও বিদ্রোহী কার্যক্রম এখনো কঙ্গোতে চলছে। ফলে দীর্ঘমেয়াদি শান্তি আসেনি। ওদিকে , প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালে কসোভো-সার্বিয়া অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির কথা উল্লেখ করেন। তবে রাজনৈতিক ও ঐতিহাসিক সমস্যা এখনো অমীমাংসিত।
