চার বছরের শিশু খুন! হাওড়ায় ধৃত এক

0
128
ছবি সৌজন্যে : নিজস্ব
হাওড়ার ডোমজুড়ে শিশু খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক নাবালককে। খেলার বল নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ থাকার পর দুপুরে বাড়ির অদূরে ঝোপঝাড় থেকে হাত বাঁধা অবস্থায় বছর চারেকের শেখ আয়ুষের দেহ উদ্ধার হয়েছিল। তারই পরনের জামা পেঁচানো ছিল গলায়। দেহের পিছনের অংশে পোড়া দাগও ছিল। ডোমজুড়ের সলপের ডাঁসি দাসপাড়ায় মদিনা মসজিদের কাছে এই ঘটনার তদন্তে নেমে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে আয়ুষকে হেঁটে যেতে দেখা গিয়েছিল। ওই ফুটেজে ধৃত নাবালকেও হেঁটে যেতে দেখা গিয়েছিল আয়ুষের পিছু পিছু। এর পরেই ওই নাবালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ভেঙে পড়ে। অপরাধের কথা কবুল করে জানায়, সে দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ওই এলাকায় দর্জির কাজ শিখতে এসেছিল।
পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী বলেন, সামান্য কারণে খুন বলে মনে হচ্ছে। গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে।