
মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত স্পাই ইউনিভার্সের সিনেমা আলফা-এর ট্রেলার অবশেষে প্রকাশ পেয়েছে। কিছুদিন আগে সিনেমাটির টিজার নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও, সদ্য লঞ্চ হওয়া ট্রেলারটি দিয়ে দর্শকদের সব আক্ষেপ দূর করে দিয়েছেন নির্মাতা।
অ্যাকশন, ড্রামা আর রোমাঞ্চে ভরপুর এই ট্রেলারে আলিয়া ভাটের সীতা থেকে আলফা হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হয়েছে, যার নেপথ্যে রয়েছেন ববি দেওল অভিনীত চরিত্র,ফতেহ।ট্রেলারের শুরুতেই দেখা যায় কাচের দেয়ালের ওপাশে থাকা একটি নবজাতক শিশুকে, যাকে সীতা নাম দেন ফতেহ। এরপরই দ্রুতগতির ও স্টাইলিশ ভিজ্যুয়ালের মাধ্যমে দেখানো হয় কীভাবে শৈশব থেকেই মেয়েটিকে একজন নৃশংস ও মারাত্মক ঘাতক বা অ্যাসাসিন হিসেবে গড়ে তোলেন তিনি। ফতেহর একটিমাত্র ইশারাতেই যেকোনো লক্ষ্যবস্তুকে চোখের পলকে খতম করতে দ্বিধা করে না সীতা।তবে এই গল্পে রামায়ণের চেনা আখ্যানকে একদম উল্টে দেওয়া হয়েছে। আলিয়ার ব্যাকগ্রাউন্ড ভয়েসওভারে শোনা যায় এক চরম হুঁশিয়ারি,একসময় এক রাক্ষস সীতাকে হরণ করেছিল। কিন্তু এবার সীতাকে উদ্ধার করতে কোনো রাম আসবে না, সীতা নিজেই লঙ্কা পুড়িয়ে ছারখার করে দেবে। নিজের বাবার নৃশংসতার বিরুদ্ধে মেয়ের এই যুদ্ধ ঘোষণার পটভূমিই মূলত এই ট্রেলারের মূল আকর্ষণ।সিনেমায় আলিয়া ভাটের পাশাপাশি নজর কেড়েছেন আরেক বলিউড অভিনেত্রী শর্বরী।ট্রেলারে শুরুতে তাদের মধ্যে তুমুল হাতাহাতি ও শত্রুতার আভাস পাওয়া গেলেও, সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরের পরম বন্ধু ও সহযোদ্ধা হয়ে ওঠেন।বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুরকে দেখা গেছে এই দুই দুর্ধর্ষ এজেন্টকে দিকনির্দেশ দেওয়ার ভূমিকায়। অন্যদিকে দেশদ্রোহী এক প্রাক্তন স্পাইয়ের চরিত্রে ববি দেওলের প্রতিশোধপরায়ণ রূপ স্ক্রিনে বেশ ভালো উত্তেজনা তৈরি করেছে।তবে ট্রেলারের সবচেয়ে বড় এবং অনাকাঙ্ক্ষিত চমকটি তোলা ছিল একদম শেষ মুহূর্তের জন্য।
শেষ দৃশ্যে রহস্যময় সবুজ চোখ নিয়ে হাজির হন হৃতিক রোশন। ওয়ার এবং ওয়ার টু সিনেমার জনপ্রিয় চরিত্র মেজর কবির ধালিওয়াল হিসেবে একটি বিশেষ ক্যামিও চরিত্রে আলিয়া ও শর্বরীকে তাদের মিশনে সাহায্য করতে দেখা যাবে তাকে।
