
আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের ধারণা উত্থাপন করে ডোনাল্ড ট্রাম্প কেবল একটি প্রশ্ন তুলেছিলেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে এই মন্তব্য করেছিলেন।
লিভিট সাংবাদিকদের বলেছেন, যদি তারা ভবিষ্যতে কূটনীতিতে যুক্ত হতে অস্বীকার করে, তাহলে কেন ইরানের জনগণ এই বর্বর সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে না? এই প্রশ্নটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলেছিলেন।তবে তিনি আরও যোগ করেছেন, আমেরিকার সামরিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।লিভিট বলেছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় তাদের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে।
তবে, আন্তর্জাতিক পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান এর আগে বলেছিলেন যে ফোরদো সাইটে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি আশা করা হলেও, মাটির নিচে ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্ণয় করা বর্তমানে সম্ভব নয়।হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিষয়ে ইরানের সম্ভাব্যতা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, আমেরিকা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইরানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া বোকামি হবে।







