
বিহার থেকে কলকাতাগামী বাসে তল্লাশিতে ৭২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
জানা গিয়েছে বর্ধমানের পালসিট টোলপ্লাজায় তল্লাশি চালায় পুলিশ। এরপর বাসের মধ্যে দুটো ব্যাগ থেকে বিপুল টাকা উদ্ধার করে পুলিশ। এত পরিমাণ টাকা দেখে কার্যত হতবাক হয়ে যান তদন্তকারী অফিসাররা। টাকা গুনতে আনা হয় মেশিন। এরপরে জানা যায় ৭২ লাখ উদ্ধার হয়। বৃহস্পতিবার গভীর রাতে বিহারের ভাগলপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল ওই বাসটি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর পালসিট টোলপ্লাজায় বাস থামতেই তল্লাশি চালায় মেমারি থানার পুলিশ। ব্যাগে এত পরিমাণ টাকার কোনও বৈধ নথি ছিল না। এরপরেই গ্রেফতার করা হয় নবীনকুমার সিং, বাবল দাস নামে দুই বাস চালক এবং কৃষ্ণ দাস নামে এক খালাসিকে।
এদের বাড়ি বিহারের ভাগলপুর ও বাঁকা জেলায়। টাকার উৎস কি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ ।









