
বিচারপতির বাংলো থেকে হিসাব-বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দিল্লিতে। দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতিও মেনে নিয়েছেন, এই ঘটনায় সকলে হতাশ এবং বিচলিত।
টাকা উদ্ধারের কথা জানাজানি হওয়ার পর অভিযুক্ত বিচারপতি যশোবন্ত বর্মার এজলাস বসেনি শুক্রবার। হাই কোর্টের তরফে জানানো হয়েছে, ওই বেঞ্চের বিচারপতি ছুটিতে আছেন। এর মধ্যে বিচারপতি বর্মাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। উল্লেখ্য শুক্রবার দিল্লি হাই কোর্টের বর্ষীয়ান আইনজীবী অরুণ ভরদ্বাজ টাকা উদ্ধারকাণ্ডে প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন,এই ঘটনা অনেককে ব্যথিত করেছে।দয়া করে প্রশাসনিক দিক থেকে কোনও পদক্ষেপ করা হোক,যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না-ঘটে এবং বিচারব্যবস্থার ভাবমূর্তি বজায় থাকে। প্রধান বিচারপতি উপাধ্যায় তাঁর কথায় সায় দেন এবং বলেন,সকলেই বিচলিত এবং হতাশ।এর আগে দিল্লিতে বিচারপতি বর্মার সরকারি বাংলো থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তবে কোনও তদন্তকারী সংস্থা তাঁর বাড়িতে হানা দিয়ে এই টাকা উদ্ধার করেনি। গত সপ্তাহে দোলের ছুটি চলাকালীন তাঁর বাড়িতে হঠাৎ আগুন লেগে গিয়েছিল।পরিবারের সদস্যেরা দমকল ডাকেন।দমকলের কর্মীরাই ওই বাংলোতে টাকা দেখতে পান। আগুন নেভানোর সময়ে রাশি রাশি নগদ টাকায় তাঁদের চোখ পড়ে।ওই টাকার বান্ডিলগুলির ছবি এবং ভিডিয়ো তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠান দমকল কর্মীরা।
সেখান থেকেই বিষয়টি জানাজানি হয়। বিচারপতি যশোবন্ত বর্মা সে সময়ে দিল্লিতে ছিলেন না।অভিযোগ, বিচারপতির পরিবারের সদস্যদের টাকার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু তাঁরা কোনও সদুত্তর দিতে পারেননি।







