
কেরালায় বাজি প্রদর্শনী থেকে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫০ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
আহতদের কাসারগোড, কান্নুর এবং ম্যাঙ্গালুরুতে বিভিন্ন হাসপাতালের পাশাপাশি কানহাংগড় জেলা হাসপাতাল, নীলেশ্বরম তালুক হাসপাতাল, ম্যাঙ্গালুরু ও পারিয়ারম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, সোমবার রাতে নীলশ্বরমের কাছে একটি মন্দিরে অনুষ্ঠান চলছিল। বহু মানুষের ভিড় ছিল সেখানে। মন্দির সংলগ্ন এলাকায় আতসবাজির প্রদর্শনী চলছিল। মন্দিরের কাছেই একটি বাজির গুদাম রয়েছে, গুদামে প্রচুর পরিমাণে বাজি মজুত করা ছিল। ওই বাজির গুদামে আচমকা আগুন লেগে গিয়েছে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, জেলাশাসক, পুলিশ সুপার।
দমকল গিয়ে তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। দমকলের পক্ষ থেকে যদিও আগুন লাগার কারণ সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকেরা।
ছবি সৌজন্যে : এক্স






