
মানব পাচার মামলায় শহরের একাধিক ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়েছে ইডি। কলকাতার নাগেরবাজারে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে ইডি গিয়েছে।
সল্টলেকের দু’টি বাড়িতেও তল্লাশি চলছে। সূত্রের খবর, সল্টলেকে যাঁর বাড়িতে ইডি রয়েছে, তাঁর হোটেলের ব্যবসা। শহরের একাধিক হোটেল এবং বারের মালিক তিনি। মানব পাচারের মামলাটি পুরনো। কয়েক বছর আগে বাগুইআটির একটি ঘটনার প্রেক্ষিতে এই মামলার এফআইআর দায়ের হয়েছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুসন্ধানের পর মামলার তদন্তভার হাতে নেয় ইডি। শুক্রবার এই মামলায় প্রথম তল্লাশি অভিযানে বেরিয়েছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। সূত্রের খবর, নাগেরবাজারের ইঞ্জিনিয়ার এবং সল্টলেকের ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে গোয়েন্দাদের নজরে ছিলেন।
এ ছাড়াও ইডির একটি দল শিলিগুড়িতে মানব পাচার মামলার সূত্রে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর।






