
মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারও চাকরি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, মানুষ কারও চাকরি করার জন্য আসেনি।
মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেটার দিকে যেন সরকার যেতে পারে। সবাইকে সেই সুযোগ যেন দিতে পারে। তিনি বলেছেন, এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে। তবে, সরকার কারও তালিকা করে রাখেনি। কাজেই আরও সুযোগ আসছে। এর বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে সব কাজ একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে।
তিনি আরও বলেছেন, সরকার প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চায়। আশা করি, এই কাজে পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।
