স্ত্রীকে খুনের পর শ্বশুর বাড়িতে জানালেন স্বামী

0
109
ছবি সৌজন্যে : নিজস্ব

স্ত্রীকে খুনের পর শ্বশুর বাড়িতে গিয়ে মৃত্যুসংবাদ দিয়েছেন অভিযুক্ত স্বামী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত পাতেন্দ্রা গ্রামে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম আনারকলি বিবি। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আনারকলির পরিবারের তরফে স্বামী মেহেরবান শেখ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে খবর, ১৭ বছর আগে আনারকলির সঙ্গে মেহেরবানের বিয়ে হয়। তাঁদের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। আট বছর আগে আবার বিয়ে করেন মেহেরবান। কিন্তু তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন সেই দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি তিনি আবার ফিরে আসায় আনারকলির সঙ্গে মেহেরবানের দাম্পত্যকলহ শুরু হয়। অভিযোগ, আনারকলিকে মারধরও করতেন মেহেরবান।

বৃহস্পতিবারও দু’জনের মধ্যে ঝগড়া হয়। সেই অশান্তির সময়েই এক মেয়ের চোখের সামনে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন মেহেরবান। পরে তিনি নিজেই শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর মৃত্যুসংবাদ দিয়ে আসেন।