
তৃণমূল অফিসে সালিশিসভায় স্বামীকে কোপালো স্ত্রী। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে দাম্পত্য বিবাদ মেটাতে দেওয়ানদিঘির তালিতগ্রামের দিঘিপাড়ে তৃণমূল অফিসে সালিশিসভা ডাকা হয়।
নার্সিংহোমের কর্মী রকি শেখের সঙ্গে বীরভূমের লাভপরের বাসিন্দা জোনাকি খাতুনের বিয়ে হয় ৬ মাস আগে। ভালবেসে বিয়ে করেন তাঁরা। অভিযোগ বিয়ের পর থেকেই অশান্তি শুরু হয়। এখন তারা আলাদা থাকে। সম্পর্ক জোড়া লাগাতে বেশ কয়েকবার সালিশিসভা হয়। রবিবার সেরকমই একটি সালিশিসভা বসেছিল তৃণমূল অফিসে। সেখানে শাসকদলের কয়েকজন ছাড়াও রকি ও তার পরিবারের সঙ্গে জোনাকি এবং তার বাড়ির লোকজন উপস্থিত ছিলেন। ঠিক হয় জোনাকি ৭ লাখ টাকা খোরপোশ নিয়ে বিচ্ছেদ দেবেন রকিকে। এরপরেই ব্যাগ থেকে ছুরি বার করে রকির পেটে চালিয়ে দেন জোনাকি। রকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই উত্তেজিত জনতা লাঠি নিয়ে চড়াও হন পার্টি অফিসে।
জোনাকি ও তার মাকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়।









