
৮৩ কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে পৌঁছে স্ত্রীকে খুন করে আবারও বাড়ি ফিরে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন অভিযুক্ত স্বামী। হাড়হিম করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেরলে। মৃত দু’জনের নাম কৃষ্ণকুমার ও সঙ্গীতা। পুলিশের অনুমান, বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মলোমালিন্য চলছিল। তার জেরেই এই ঘটনা। কৃষ্ণকুমার ও সঙ্গীতার দুই মেয়ে রয়েছে। বছর বাহান্নর কৃষ্ণকুমারের বাড়ি কেরলের বানদাজহিতে। তিনি আগে মালয়েশিয়ায় কাজ করতেন।
তারপর দেশে ফিরে আসেন। পড়শি রাজ্য তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বসবাস শুরু করেন। তাঁর স্ত্রী সঙ্গীতা কোয়েম্বাটুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন।পুলিশ জানিয়েছে, সোমবার কেরলের বাড়ি থেকে ৮৩ কিমি গাড়ি চালিয়ে কোয়েম্বাটুরে পৌঁছন কৃষ্ণকুমার। সেখানে স্ত্রীর সঙ্গে তাঁর বচসা বাধে। সেইসময়ই গুলি করে স্ত্রীকে খুন করেন তিনি।
তারপর গাড়ি চালিয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে বাবার সামনেই নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি। দুই জায়গার পুলিশ দুটি দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে।
