
বছর ৫৮-র স্ত্রীকে কুপিয়ে হত্যা চুঁচুড়ার কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর মৃতার নাম ঝর্ণা ঘোষ, খুনের ঘটনায় ইতিমধ্যেই তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীলকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রায় ৩ বছর ধরে দ্বিতীয় পক্ষের স্বামীর সঙ্গে প্রিয়নগর দক্ষিণ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন ঝর্ণা ঘোষ। ভাড়া বাড়ির মালিক জানিয়েছেন, শরীর খারাপ করছে স্ত্রী ঝর্ণাকে ফোন করতে বলেন উজ্জ্বল। এরপর স্বামীর শরীর খারাপের কথা জানতে পেরে পরিচারিকার কাজ সেরে ঘরে ফিরতেই তাঁকে এলোপাথাড়ি ছুরির কোপ বসাতে থাকেন উজ্জ্বল। প্রচন্ড চিৎকার, আর্তনাদে ছুটে আসেন আশপাশের লোকজন। এরই মধ্যে ঝর্ণা দেবীর ছেলেও এই ঘটনার কথা জানতে পারেন।
চুঁচুড়া থানায় খবর দিলে তাঁরাই এসে রক্তাক্ত অবস্থায় ঝর্ণা ঘোষকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।








