ভয় পেয়ে খামেনি বাঙ্কারে লুকাননি

0
135
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভয় পেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কোনো বাঙ্কারে লুকিয়ে নেই বরং তিনি নিয়মিত কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক করছেন বলে স্পষ্ট জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মোসায়েব মোতলাঘ। একান্ত সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত বলেছেন, অবরোধ এবং আমেরিকার ক্রমবর্ধমান বৈরী আচরণের মুখে ইরান মোটেও ভীত নয় এবং দেশ রক্ষায় ইরানিরা সম্পূর্ণ প্রস্তুত।

মুম্বাইয়ে দায়িত্বরত এই ইরানি কূটনীতিক দাবি করেছেন, ইরানের সাম্প্রতিক অভ্যন্তরীণ অস্থিরতা আসলে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর উসকানি। তিনি দাবি করেছেন, বিক্ষোভকারীরা যখন বিদেশিদের নির্দেশে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করে, তখনই নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়। এই সহিংসতায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন বলে তিনি জানান। যাদের মধ্যে ৬৯০ জনকে তিনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন।এদিকে মার্কিন রণতরী মোতায়েন এবং আঞ্চলিক উত্তেজনা প্রসঙ্গে ভারতে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল মোতলাঘ বলেছেন, ইরান অতীতেও প্রমাণ করেছে যে তারা যে কোনো ধরনের বাহ্যিক আগ্রাসন প্রতিহত করার ক্ষমতা রাখে।

গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ বা সাম্প্রতিক সন্ত্রাসী হামলা দমনের উদাহরণ টেনে তিনি বলেছেন, ইরানের পুলিশ এবং সাধারণ জনগণের সহায়তায় মাত্র দু’ দিনেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তার মতে, বিদেশি শক্তি যদি কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে ইরান পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে।