
অভিনেত্রী মিমি চক্রবর্তী,সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, পারিশ্রমিক এবং ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছেন।
জানিয়েছেন, নিজের কাজের মানের সঙ্গে আপস করতে তিনি যেমন রাজি নন, ঠিক তেমনি কম পারিশ্রমিকে অভিনয় করতে চান না।মিমি বলেছেন, তিনি আসলে এখন আগের চেয়ে অনেক বেশি ডিপ্লোম্যাটিক হয়ে গেছেন সত্যি, কিন্তু মুখের ওপর সত্যি কথা বলার অভ্যাসটা এখনো বদলায়নি।অনেকেই তাঁকে কাজে ডাকেন না কারণ তিনি তাঁর পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো দরদাম করেন না। তিনি তাঁর কাজের ক্ষেত্রে শতভাগ দেবেন, তাই পারিশ্রমিকের বেলায় কেন আপস করবেন? উল্লেখ্য,ক্যারিয়ারের শুরুতে ঋতুপর্ণ ঘোষের গানের ওপারে ধারাবাহিকে পুপে চরিত্রে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন মিমি। এরপর আর কেন সেভাবে তাকে পাওয়া গেল না, এমন প্রশ্নে মিমি অত্যন্ত আবেগী হয়ে পড়েছেন।তিনি বলেছেন, পুপে চরিত্রটি ছিল ঋতু দার মনের সৃষ্টি। সেই ম্যাজিক অন্য কারো পক্ষে ঘটানো সম্ভব নয়। তবে মিমি নিজেকে ভাগ্যবতী মনে করেন যে ক্যারিয়ারের শুরুতেই ওরকম একটি আইকনিক চরিত্রে অভিনয় করতে পেরেছিলেন। তার কথায়, এটা মেনেই নিয়েছেন যে ইন্ডাস্ট্রিতে তাঁর কোনো প্রেমিক, বাবা বা বড় ভাই নেই যাদের প্রযোজনা সংস্থা আছে।
তাই তাঁর কথা মাথায় রেখে আলাদা করে কেউ গল্প লিখবেন না। তাঁকে যে অফারগুলো দেওয়া হয়, সেখান থেকেই বেছে কাজ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।








