
বয়স হয়ে গেছে ৪২,পারফরম্যান্সে ভাটার টান,চলতি সিজনে বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে বেঞ্চে বসে। সব মিলিয়ে, শেষের ডাক হয়তো শুনতে পাচ্ছিলেন পেপে রেইনা।
সিজন শেষে পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ ও ইউরো জয়ী স্প্যানিশ এই গোলরক্ষক।বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা রেইনা ২০০২ সালে যোগ দেন ভিয়ারেয়ালে। স্প্যানিশ ক্লাবটিতে তিন সিজন খেলার পর ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলে পাড়ি দেন তিনি।ক্যারিয়ারের বেশিরভাগ সময় লিভারপুলে কাটান রেইনা। অ্যানফিল্ডের ক্লাবটিতে ৮ সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯৪ ম্যাচ খেলেন তিনি। এখানে জেতেন এফএ কাপ ও লিগ কাপ। গ্লাভস হাতে লিভারপুলে শুরুর তিন সিজন দুর্দান্ত কাটে রেইনার। সবচেয়ে বেশি ম্যাচ জাল অক্ষত রাখায় ওই তিনবার প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জেতেন তিনি।এরপর বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এসি মিলানের হয়ে খেলেন রেইনা। গত বছরের জুলাইয়ে যোগ দেন তিনি কোমোয়। কিন্তু ইতালিয়ান ক্লাবটির হয়ে চলতি সিজনে কেবল ১২টি ম্যাচে খেলার সুযোগ পান তিনি।২০০৫ সালে স্পেন জাতীয় দলের হয়ে অভিষেক হয় রেইনার।আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে ৩৬ ম্যাচ খেলেন তিনি। যার মধ্যে ২১ ম্যাচেই গোল হজম করেননি।উল্লেখ্য,২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন দলের সদস্য ছিলেন রেইনা।
অংশ ছিলেন তিনি ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা স্প্যানিশ দলের।কিন্তু ম্যাচ খেলার খুব একটা সুযোগ হয়নি তার। বিশ্বকাপ ও ইউরোতে কেবল একটি করে ম্যাচ খেলতে পারেন তিনি।এই অবস্থায়,সেরি আয় শুক্রবার লিগ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে রেইনার ক্লাব কোমো। ইন্টার মিলানের বিপক্ষে সেই লড়াইয়ে পেপে রেইনা খেলবেন কিনা, তা সময়ই বলে দেবে।








