
লজ্জায় মুখ দেখাতে পারেন না তিনি। সংসদে ভারতের পথ দুর্ঘটনার পরিসংখ্যান দিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি।
বৃহস্পতিবার লোকসভায় পথ দুর্ঘটনা নিয়ে আলোচনার সময় নিতিন গডকড়ি বলেছেন, দুর্ঘটনার সংখ্যা কমানোর কথা ভুলে যান, এটা যে বেড়ে গিয়েছে তা স্বীকার করতে তাঁর কোনও দ্বিধা নেই। তিনি যখন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যান, পথ দুর্ঘটনা নিয়ে আলোচনা হলে তখন লজ্জায় মুখ দেখাতে পারেন না। দুর্ঘটনা কমাতে, সচেতন হতে ভারতীয়দের আচরণের কিছু পরিবর্তন প্রয়োজন। পাশাপাশি সমাজকে পরিবর্তন করতে হবে এবং আইনের শাসনকে সম্মান করতে হবে।মন্ত্রী ও তাঁর পরিবার কয়েক বছর আগে একটি বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। দীর্ঘ সময়ের জন্য হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। এই প্রসঙ্গ টেনে নিতিন গডকড়ি বলেছেন, ঈশ্বরের কৃপায়, তিনি এবং তাঁর পরিবার রক্ষা পেয়েছেন। তাই দুর্ঘটনায় তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা আছে।
তিনি মনে করেন, পথ দুর্ঘটনার অন্যতম একটা কারণ হল রাস্তার মধ্যে ট্রাক পার্কিং করে রাখা। এমনও দেখেছেন যে অনেক ট্রাক তো রাস্তার শৃঙ্খলাও মানে না।পথ দুর্ঘটনার পরিসংখ্যান সামনে এনে তিনি বলেছেন, দেশে বছরে ১.৭৮ লাখ প্রাণ যায় পথ দুর্ঘটনায়, যার মধ্যে ৬০ শতাংশেরই বয়স ১৮ থেকে ৩৪-এর মধ্যে।
