
গুলি খেয়ে মরব, তবুও ধরা দেব না। বছরের শেষ দিনে কোন্নগরে অভিযুক্তকে ধরতে গিয়ে খালি হাতেই ফিরতে হল পুলিশকে।
জানা গিয়েছে উত্তরপাড়া থানায় কোন্নগর ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বিকেলে জোরাপুকুর এলাকায় অভিযুক্ত তিনু মণ্ডল নামে এক যুবককে ধরতে গিয়েছিল। তিনুর বিরুদ্ধে নেশা করে স্থানীয়দের মারধরের অভিযোগ রয়েছে। কিন্তু তিনুকে ধরে গাড়িতে তোলার সময় হঠাৎ করেই ছুট লাগায়। এরপর পাড়ারই একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে পুলিশকে বলতে থাকে সে ধরা দেবে না। গুলি খেয়ে মরবে, জলে ঝাঁপ দিয়ে মরবে তাও কোনওভাবেই ধরা দেবে না। শ্যামল চক্রবর্তী নামে এক বাসিন্দা জানিয়েছেন বাবাকে মারধরের অভিযোগে কিছুদিন আগে জেলেও ছিল তিনু। কিছুদিন আগে ছাড়া পেয়েছে। তিনুকে বলতে শোনা যায় দশজন মিলে তাঁকে ধরে নিয়ে গিয়েছিল, সেই অভিজ্ঞতা ভাল না।
তাই ধরা দিতে চায় না। পুলিশ অনেক্ষণ অপেক্ষা করার পর শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যায়।









