পথককুর নিয়ে নির্দেশ খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতির

0
133
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

রাজধানী দিল্লি থেকে অবিলম্বে কয়েক লক্ষ পথ কুকুরকে সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবারের ওই নির্দেশের পর থেকেই বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। অন্যদিকে, সুপ্রিম নির্দেশের ৩৬ ঘন্টার মধ্যেই উত্তরপ্রদেশের কুশীনগরে রাস্তায় একপাল কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে এক মহিলার।

প্রধান বিচারপতি বিআর গবই আশ্বাস দিয়েছেন, পথ কুকুরদের সরানোর বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। বুধবার পথকুকুর সম্পর্কিত একটি মামলা জরুরি তালিকায় সংযোজনের জন্য প্রধান বিচারপতির বেঞ্চে তোলা হয়েছিল। সেখানেই এমন মন্তব্য করতে শোনা গিয়েছে প্রধান বিচারপতিকে। ২০২৪ সালে কনফারেন্স ফর হিউম্যান রাইটস নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা পথকুকুরদের নির্বীজকরণ এবং টিকাকরণের বিষয়ে একটি জনস্বার্থ মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। বুধবার আইনজীবী শীর্ষ আদালতে বিষয়টি উল্লেখ করতেই প্রধান বিচারপতি বলেন, অন্য একটি বেঞ্চ তো ইতিমধ্যেই পথকুকুর সংক্রান্ত একটি নির্দেশ জারি করেছে।

সোমবার দিল্লির রাস্তা থেকে পথকুকুরদের সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানোর যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই নির্দেশের কথাই বলছিলেন প্রধান বিচারপতি। এর পরেই তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।