
জমি বিবাদ মেটাতে গিয়ে কান্দিতে মাথা ফাটল আইসি-র। আহত হয়েছেন আরও ২ জন পুলিশকর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দির গোকর্ণ এলাকা।
জানা গিয়েছে গোকর্ণ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসায়ডোব এলাকায় ৪ বিঘা চাষের জমির ধান দখল ও কাটা নিয়ে অশান্তি শুরু হয়। দুই পক্ষই একে অপরকে মারধর করে বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ এরপরেই পুলিশের ওপর চড়াও হয় গ্রামবাসীরা। লাঠি, ইট নিয়ে আক্রমণ করেন তারা। বাধা দিতেই মাথা ফাটে আইসি।
জখম হন আরও ২ পুলিশ কর্মী। এরপরেই বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় ১৩ জনকে।
