
এবার তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে মালদার মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের উপস্থিত থাকার ঘটনায় চর্চা শুরু হয়েছে। রবিবার মানিকচক তৃণমূল ব্লক নেতৃত্বের আয়োজিত অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র।
ছিলেন মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-সহ একাধিক তৃণমূল নেতা। সেই অনুষ্ঠানে মঞ্চে প্রথম সারিতে বিধায়কের পাশেই দেখা গিয়েছে আইসি সুবীর কর্মকারকে। শুধু তাই নয়, আব্দুর রহিম বক্সীকে মালতীপুরের বিধায়ক হিসাবে নয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নিজ বক্তব্যে সম্বোধিত করেছেন আইসি সুবীর কর্মকার। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসেবে শুভদীপ সান্যাল ও বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডলকে সম্বোধন করেছেন তিনি।যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মানিকচক থানার আইসি। যা নিয়ে সিপিএমের কটাক্ষ, নির্বাচনী বৈতরণী পার হতে পুলিশই ওদের ভরসা।
বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডলের কটাক্ষ করে বলেছেন, পুলিশ প্রশাসন মানে তৃণমূল আর তৃণমূল মানে পুলিশ প্রশাসন। যদিও তৃণমূলের সাফাই, দলীয় অনুষ্ঠান নয়, সকলেরই আমন্ত্রণ ছিল।
ছবি সৌজন্যে : নিজস্ব







