
চলতি মাসেই ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া মহিলা ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচই পরিচালনা করবেন মহিলা আম্পায়ার ও মহিলা ম্যাচ রেফারিরা।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল,আইসিসি মহিলা বিশ্বকাপ ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ করেছে।জানা যাচ্ছে বিশ্বকাপের জন্য ১৪ জন মহিলা আম্পায়ার ও ৪ জন মহিলা ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আইসিসি। এই প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপের সব ম্যাচে মহিলা আম্পায়াররা দায়িত্ব পালন করবে। এর আগে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দুই আসরে মহিলা আম্পায়াররা দায়িত্ব পালন করেছিলেন। এদিকে,ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ মহিলা আম্পায়ার দিয়ে পরিচালনার উদ্যোগকে ঐতিহাসিক মনে করছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। এক বিবৃতিতে জয় শাহ বলেন, এটি মহিলা ক্রিকেটের যাত্রায় একটি মাইলফলক। খেলার প্রতিটি ক্ষেত্রে আরও বহু দৃষ্টান্ত স্থাপন করবে। মহিলা ম্যাচ অফিসিয়ালসদের অন্তর্ভুক্তি কেবল একটি মাইলফলক নয়।
ক্রিকেটে লিঙ্গ সমতা বাড়ানোর ক্ষেত্রে এটি আইসিসির অবিচল অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন। উল্লেখ্য,আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলা ওয়ানডে বিশ্বকাপ।









