
করোনা মহামারির সময়ে আইসিসি বলের উপর থুতু ব্যবহার নিষিদ্ধ করেছিল, এবং তারপর থেকে এই নিয়ম বলবৎ রয়েছে।তবে, করোনার প্রকোপ এখন নেই, তাই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ,বিসিসিআই আসন্ন আইপিএলে এই নিষেধাজ্ঞা তুলে নিতে চায়।বলে থুতু ব্যবহার করা হয় একপাশ মসৃণ করার জন্য,যাতে বিপরীত পাশের রাফ সাইডের কারণে রিভার্স সুইং পাওয়া যায়।
২০২২ সালে আইসিসি এই নিয়মটি স্থায়ীভাবে নিষিদ্ধ করে এবং তারপর থেকে ভারতীয় ক্রিকেটেও থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা চালু করা হয়।বোলাররা তখন থেকে বলের একপাশ শাইন করার জন্য শুধু ঘাম ব্যবহার করে আসছেন।গত আইপিএলে থুতু ব্যবহারের জন্য শাস্তি হিসেবে ক্রিকেটারদের ১০ লাখ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা দিতে হয়েছিল এবং সতর্কবার্তা দেওয়ার পর তৃতীয়বার এমন ঘটনা ঘটলে শাস্তি কার্যকর হতো।
বিসিসিআই এখন এই নিষেধাজ্ঞা তুলে নিতে চাইছে, ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আগে মুম্বাইয়ে অধিনায়কদের একটি মিটিং হবে,যেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য,চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় পেসার মোহাম্মদ শামি আইসিসিকে এই নিয়ম তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন, এবং ভারনন ফিলান্দার ও টিম সাউদির মতো ক্রিকেটাররা তার সঙ্গে একমত হয়েছেন।
