ছত্তীশগড়ে আইইডি বিস্ফোরণ! জখম ১১ জওয়ান

0
100
ছবি সৌজন্যে : এক্স
ছত্তীশগড়ের বিজাপুরে মাওবাদীদের পেতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে জখম হয়েছেন নিরাপত্তাবাহিনীর ১১ জন জওয়ান। তাঁদের এয়ার লিফ্‌ট করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।
জখম জওয়ানেরা সকলেই এখন বিপন্মুক্ত। তাঁদের অবস্থা স্থিতিশীল এবং প্রত্যেকেরই জ্ঞান রয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ছ’টি আইইডি বিস্ফোরণ হয়েছে। রবিবার ওই বিস্ফোরণের পরে প্রতিকূল পরিস্থিতির কারণে জখম জওয়ানদের উদ্ধার করতে বেশ কিছুটা বেগ পেতে হয় বাহিনীকে। মাওবাদীদের গতিবিধির খবর পেয়ে শনিবার বিজাপুরের উসুর এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। ছত্তীশগড়ে এবং তেলেঙ্গানার সীমানা লাগোয়া করেগুত্তা পাহাড়ের জঙ্গলে মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় তারা। গোপন সূত্রে খবর পেয়ে ওই মাওবাদীদের খোঁজে যৌথ অভিযান শুরু করে ছত্তীশগড়ের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং সিআরপিএফ।
আধাসেনার জঙ্গলযুদ্ধে পারদর্শী কোবরা কম্যান্ডোরাও ছিলেন সেখানে। ওই অভিযান চলাকালীনই রবিবার মাওবাদীদের পেতে রাখা আইইডি ফেটে জখম হন ১১ জন।