
দিদি চাইলে তিনি হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দিতে পারেন, বিষও পান করতে পারেন। কিন্তু জেলা সভাপতির নির্দেশে চেয়ারম্যানের পদ ছাড়বেন না। হুঁশিয়ারি দিয়েচেন রবীন্দ্রনাথ ঘোষ। লোকসভা ভোটে যে সব পুর এলাকায় তৃণমূলের ফল খারাপ হয়েছে।
সেই সব পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে রদবদল করছে শীর্ষ নেতৃত্ব। এমনটাই খবর। তা নিয়েই এবার দ্বন্দ্ব কোচবিহারে। দলীয় নির্দেশে কোচবিহারের তুফানগঞ্জ পুরসভার উপ পুরপ্রধান তনু সেন পদত্যাগ করলেও এখনও চেয়ারম্যানের পদ আগলে রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর সাফ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সভাপতি সুব্রত বক্সি নির্দেশ দিলে তবেই পদত্যাগ করবেন।
অন্যদিকে মাথাভাঙা পুরসভার পুরপ্রধান লক্ষপতি প্রামাণিক ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন যদি পারফর্ম্যান্সের ভিত্তিতেই এই রদবদল হয়ে থাকে তা হলে কেন শহর ব্লক সভাপতির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে না।
