
হামাস পণবন্দিদের তালিকা না দেখালে আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা রবিবার থেকে।
যুদ্ধবিরতি শুরুর আগে নেতানিয়াহু বলেছেন, যে পণবন্দিদের মুক্তি দেওয়া হবে, তাঁদের নামের তালিকা এখনও হাতে পাননি। নেতানিয়াহুর দাবি, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগেই শর্ত ভাঙতে শুরু করে দিয়েছে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। কথা হয়েছিল, বিরতি শুরুর আগেই হামাস পণবন্দিদের তালিকা প্রকাশ করবে। এখনও তা করা হয়নি বলে অভিযোগ। চাইলে যখন তখন যুদ্ধ আবার শুরু করতে পারে ইজরায়েল, জানিয়ে রেখেছেন নেতানিয়াহু। তিনি বলেন, যদি দরকার হয়, ইজরায়েল আবার যুদ্ধ শুরু করবে। সেই অধিকার আছে। আমেরিকাও ইজরায়েলকে সাহায্য করবে। ইজরায়েলের ২৫১ জন বাসিন্দাকে পণবন্দি করেছিল হামাস। এখনও তাঁদের মধ্যে ৯৪ জন গাজায় হামাসের অধীনে রয়েছেন।
তাঁদেরই মুক্তি দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন নেতানিয়াহু। ইজরায়েলের সেনাবাহিনীর অবশ্য দাবি, ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে হামাসের হাতে।
