
সম্প্রতি ইন্ডিয়া জোটের বৈঠকে বিরোধী ঐক্য নিয়ে বিশেষ বার্তা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু এবার রাহুল গান্ধীকেই তোপ দেগেছে ডিএমকে। বিরোধী জোটে ফাটলের জন্য কংগ্রেস সাংসদকেই দায়ী করেছে ডিএমকে-র মুখপত্র , মুরাসোলি।
সেখানে প্রশ্ন করা হয়েছে, ইন্ডিয়া’য় বিষ ঢেলেছে কে? এর আগে ৮ জুন নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল। সেখানে বিরোধী দলগুলিকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, কংগ্রেসের ভূমিকাই হল ভালোবাসা ও স্নেহের মাধ্যমে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ করা। কিন্তু তারপর রাহুল গান্ধীকেই তোপ দেগেছে ডিএমকে। সম্প্রতি ডিএমকে-র মুখপত্র মুরাসোলিতে প্রকাশিত এক সম্পাদকীয়তে বলা হয়েছে, রাহুল বলেছিলেন, ইন্ডিয়া’র শরিকদের সমালোচনা কংগ্রেস মেনে নিয়েছে। কিন্তু এখন তাতে আর কিছু যায় আসে না। বৈঠকে বক্তৃতা করতে গিয়ে রাহুল গান্ধী জানিয়েছিলেন, ভগবান শিব যেভাবে বিষ পান করেছিলেন, কংগ্রেসকেও সেই ভাবেই সমালোচনা মেনে নিতে হবে। এর পরিপ্রেক্ষিতেই মুখপত্রে বলা হয়েছে, রাহুল গান্ধী যে পৌরাণিক কাহিনির উল্লেখ করেছেন, তাতে কিন্তু শিব নিজে সেই বিষ সৃষ্টি করেননি। অমৃতের সন্ধানে দেব এবং অসুররা যখন সমুদ্র মন্থন করছিলেন, তখনই সেই বিষের উৎপত্তি হয়েছিল।
তা থেকে বিশ্বকে রক্ষা করতেই শিব তা পান করেছিলেন। এরপরই সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়, ইন্ডিয়া জোট যদি অমৃতের বদলে বিষই উৎপাদন করে থাকে, তবে শুরুতেই তা মন্থন করার জন্য দায়ী কে ছিল? আরও বলা হয়েছে, ঐক্যের জন্য কংগ্রেস সাংসদের আহ্বান অনেক দেরিতে এসেছে। বিরোধী শিবিরের প্রধান শরিকদের সঙ্গে সম্পর্ক কংগ্রেস নিজে নষ্ট করেছে। একের পর এক রাজ্যে বিরোধী ঐক্য ভেঙে যাওয়ার জন্য দায়ী কংগ্রেসের।
