
পশ্চিমবঙ্গে আই প্যাকের কাজ বন্ধ করে দেওয়ার খবরকে তৃণমূল ভিত্তিহীন দাবি করলেও তারকেশ্বরের সভায় নাম না করে আই প্যাককাণ্ডে কেন্দ্রকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন ভয় দেখালে তৃণমূলের সঙ্গে মিশে যাবে। কর্মীরা কাজ হারালে চাকরিরও ব্যবস্থা করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন রোজই তো ইডির অভিযান চলছে। ইচ্ছে করে ভোটের সময় এসব করছে। যাঁরা তৃণমূলের হয়ে কাজ করছে সেই এজেন্সিকে বলছে বাংলা ছেড়ে চলে যাও। বিজেপির তো ৫০ টা আছে। তাদের একটা রয়েছে তাও সহ্য হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন ওদের ভয় দেখালে ওরা তৃণমূলের সঙ্গে যুক্ত হবে। ওদের চাকরি গেলে চাকরির ব্যবস্থা করে দেবেন বলে পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ছেলেকেও চাকরিহারা হতে দেবেন না। এব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এসেছেন বলেও জানিয়েছেন। শনিবার মধ্যরাতে আই প্যাক কর্তৃপক্ষ কর্মীদের ইমেল পাঠিয়ে পশ্চিমবঙ্গে কাজ বন্ধের নির্দেশ দেয়। ২০ দিনের জন্য কর্মীদের ছুটিতে যাওয়ার কথা বলা হয়েছে বলে খবর। ইমেলে বলা হয় আগামী ১১ মে-র পর আবার কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। সেই ক্ষেত্রে পুরো ভোটপর্বই মিটে যাবে। এমন খবর প্রকাশ্যে আসতে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। এরপরেই তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় এই খবর পুরোটাই ভিত্তিহীন।
পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে। গণতান্ত্রিক উপায়ে জবাব দেওয়া হবে। অপপ্রচার বা ভীতিপ্রদর্শনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে দমানো যাবে না।









