
বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিলে তৃণমূল করতে হবে, খোলা মঞ্চে ফের হুমকি এক শাসক নেতার। সেই হুমকির ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
ভাঙড়ের ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসসের হোসেনকে বলতে শোনা গিয়েছে, ঘরের টাকা পেলে তৃণমূল করতেই হবে। দলীয় কর্মসূচিতে প্রকাশ্য মঞ্চে তিনি যখন একথা বলেন, তখন তার পাশে ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ে দলের পর্যবেক্ষক শওকত মোল্লা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই আসরে নেমে পড়েছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, মানুষের করের টাকা বিলি করে ভোট কিনতে চাইছে তৃণমূল। উল্লেখ্য, এর আগেও একাধিক তৃণমূল নেতার মুখে এই ধরণের হুমকির কথা শোনা গিয়েছিল। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় বিতর্ক মাথা চারা দিয়েছে বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে।
অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে ২হাজার টাকার বালি ৭ হাজার টাকায় কিনতে হচ্ছে বলে অভিযোগ করছেন আবাস প্রাপকরা। প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির দাবিও জানিয়েছেন অনেকে।







