
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিকেলে বিভিন্ন দেশের ওপর নতুন করে ব্যাপক হারে শুল্ক ঘোষণার করেছেন। নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর এবার সবচেয়ে বড় আকারের শুল্ক ঘোষণা করার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,এই শুল্ক আমেরিকার সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের কয়েক দশকের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে আনবে এবং অন্যান্য দেশগুলোকে আমেরিকার সঙ্গে প্রতারণা করা থেকে বিরত রাখবে।
চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল আমেরিকা। তার ওপর এবার নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর বসানো হয়েছে অতিরিক্ত প্রায় ৫০ শতাংশ শুল্ক। এদিকে হোয়াইট হাউসের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি চান শুল্কের হার শূন্য হোক, তবে পণ্যটি আমেরিকাতেই তৈরি করুন।ঘোষণায় উল্লেখযোগ্যভাবে মেক্সিকো ও কানাডার নাম অনুপস্থিত ছিল।দেশ দুটির সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। কিন্তু তার অর্থ এই নয় যে দেশ দুটির ওপর এই শুল্কের প্রভাব পড়বে না।
এর আগে যদিও এ দুই দেশের পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করেছিল আমেরিকা। এর মধ্যে বিদেশে তৈরি গাড়িও আছে। বৃহস্পতিবার রাত থেকে এ শুল্ক কার্যকর হবে।উদাহরণস্বরূপ, কানাডা গাড়ি ও অটোমোবাইল পণ্যের বড় উৎপাদক, যা আমেরিকায় রপ্তানি করা হয়।এখন থেকে এসব দেশ থেকে আমদানি করা প্রস্তুত গাড়ি ২৫ শতাংশ শুল্কের মুখে পড়বে।
