
ধর্মীয় মুখোশের আড়ালে ভয়ঙ্কর অপরাধের অভিযোগে আইআইটি রুরকির প্রাক্তন ছাত্র অভিষেক মিশ্রকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ, একাধিক তরুণীকে ফাঁদে ফেলে যৌন নির্যাতন, ব্ল্যাকমেল এবং পরিবারের কাছ থেকে টাকা আদায়ের মতো গুরুতর অপরাধে ছিলেন তিনি।
বলা হচ্ছে, ইউটিউবে ধর্মীয় কথা শুনিয়ে ভক্ত তৈরি করতেন। নিজেকে আধ্যাত্মিক গুরু হিসেবে তুলে ধরে তরুণ-তরুণীদের আস্থা অর্জন করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ বছর বয়সি অভিষেক মিশ্র ওড়িশার বাসিন্দা। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে তিনি আইআইটি রুরকি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন।
পরে মথুরায় এসে আদিকর্তা নারায়ণ দাস নামে নিজেকে ধর্মগুরু হিসেবে পরিচয় দিতে শুরু করেন। গত প্রায় চার বছর ধরে মথুরার রাধাকুঞ্জ এলাকায় বসবাস করছিলেন তিনি।ভক্তদের আকৃষ্ট করতে রাধা কৃপা অমৃত নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন অভিষেক। সেখানে হিন্দি ও ইংরেজি ভাষায় ধর্মীয় আলোচনা ও বক্তৃতা দিতেন। পাশাপাশি ভুয়ো পরিচয়ে লিঙ্কডইনেও সক্রিয় ছিলেন। তদন্তকারীদের দাবি, এই অনলাইন প্ল্যাটফর্মগুলির মাধ্যমেই তিনি বিশেষ করে শিক্ষিত ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়া তরুণীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন।
