অবৈধবাসীদের হাতকড়া পরানোর ভিডিও প্রকাশ হোয়াইট হাউসের

0
125
ছবি সৌজন্যে : এক্স

মোটা মোটা লোহার শিকল মজুত করা রয়েছে আমেরিকার বিমানবন্দরে। রয়েছে একগুচ্ছ হাতকড়া। অবৈধ অভিবাসীদের বিমানবন্দরে নিয়ে গিয়ে আগে পরীক্ষা করা হচ্ছে।

তার পর তাঁদের হাতে পরানো হচ্ছে হাতকড়া। শিকল দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে দুই পা। সেই অবস্থায় অবৈধবাসীরা বিমানে উঠছেন। ফিরছেন নিজেদের দেশে। এই গোটা প্রক্রিয়ার ভিডিয়ো প্রকাশ করেছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের ৪১ সেকেন্ডের ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবকের আপাদমস্তক পরীক্ষা করে দেখছেন বিমানবন্দরের আধিকারিক। তার পর মোটা মোটা শিকল বার করা হচ্ছে বাক্স থেকে। যুবকের পা শিকল দিয়ে বাঁধা হচ্ছে। হাতে হাতকড়া, পায়ে শিকল পরে বিমানের সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠছেন অবৈধবাসী। তবে এই ভিডিয়োতে কারও মুখ দেখানো হয়নি।

ভিডিয়োর সঙ্গে লেখা হয়েছে, অবৈধ ভিন্‌গ্রহীদের বিতাড়নের বিমান। ইলন মাস্কও এই ভিডিয়ো পোস্ট করে বিদ্রুপ করেছেন। লিখেছেন, হাহা অসাধারণ! দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধবাসীদের আমেরিকা থেকে বিতাড়নের সিদ্ধান্ত নিয়েছে।