
ভারতীয় সংখ্যালঘু মুসলিমদেরও একমাত্র ভরসা এসআইআর। বসিরহাটের নিমদাড়িয়া কোদালিয়ার ৭৫ নং বুথের বাসিন্দা জিয়াদআলি দফাদারকে বাবা দেখিয়ে তৃণমূলের সাহায্যে সব নথি বানিয়ে দীর্ঘদিন ভারতে বসবাস করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মহাবুর। এক্স পোস্টে এমনই অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য।
তিনি লিখেছেন, জিয়াদ আলি সব জায়গায় অভিযোগ জানিয়েও কোনও ফল পাননি। তিনি চান এই বাংলাদেশির নাম অবিলম্বে বাদ দেওয়া হোক। আর সেটা একমাত্র এসআইআরের মাধ্যমেই সম্ভব। এদিকে, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বলপূর্বক বৈধ নাগরিক হিসেবে দেখানোর যে অপচেষ্টা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে, বসিরহাটের সাম্প্রতিক ঘটনা তারই প্রকৃষ্ট প্রমাণ। এক্স পোস্টে এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, ২০২২ সালে বাংলাদেশ থেকে বসিরহাটে এসে শাসকদলের প্রত্যক্ষ প্রশ্যয়ে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী স্থানীয় এক ব্যক্তির নথি হাতিয়ে নিয়ে তাঁকে নিজের পিতা হিসেবে দেখিয়েছে। দীর্ঘদিন ধরে এই জালিয়াতির বিরুদ্ধে বিডিও, মহকুমাশাসক থেকে শুরু করে পুলিশের দোরগোড়ায় ঘুরেও কোনও ফল পাননি বসিরহাটের বাসিন্দা জিয়াদ দফাদার।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর আবহে তিনি বাধ্য হয়ে ফের অভিযোগ জানিয়েছেন। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে কীভাবে সুপরিকল্পিতভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা তুলেছে, এই ঘটনাটি দেখলেই তা স্পষ্ট।
