
মেক্সিকো সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশ আগে ছিল মাসে তিন লক্ষেরও বেশি। ফেব্রুয়ারিতে তা হয়েছে মাত্র আট হাজার! পরিসংখ্যান প্রকাশ করে এমনটাই দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, আগের সরকারের আমলে মেক্সিকো থেকে যে হারে অবৈধ অনুপ্রবেশ হত, তা অনেক কমে গিয়েছে। হোয়াইট হাউসের পরিসংখ্যান বলছে,
ফেব্রুয়ারি মাসে মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশের মুখে সীমান্তে আটকানো হয়েছে ৮ হাজার ৩২৬ জনকে। তাঁদের আবার নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। বাইডেনের আমলে ২০২৩ সালের ডিসেম্বরে এই সীমান্ত থেকে আমেরিকায় অনুপ্রবেশের পরিসংখ্যান ছিল ৩ লক্ষ ১ হাজার ৯৮১ জন। ট্রাম্পের দাবি, তাঁদের সবাইকেই আমেরিকায় ঢুকতে দেওয়া হয়েছিল। সেই অনুপ্রবেশের হার ট্রাম্পের আমলে ৯৬ শতাংশ কমে গিয়েছে।








