
ওড়িশার ঢেনকানালে এক অবৈধ পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, আরও বেশকিছু কর্মী খাদানের ভেতরে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ঢেনকানালের গোপালপুর গ্রামের কাছে ওই পাথর খাদানে বিস্ফোরণ হয়েছে। স্থানীয় আধিকারিকদের দাবি, অবৈধ পদ্ধতিতে চলছিল ওই খাদান। ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় প্রশাসন এবং পুলিশ পৌঁছে যায় ওই এলাকায়। ঘিরে ফেলা হয় ঘটনাস্থল।
সাতটি উদ্ধারকারি দল মিলে আটকে থাকা কর্মীদের খনি থেকে বের করে আনার চেষ্টা করছে। সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন। তাঁরা জানিয়েছেন, গভীর রাতে এই ঘটনা ঘটায়, ধ্বংসস্তূপের নিচে শ্রমিকরা আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। পাশপাশি, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকের সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
