
বন্যায় বিপর্যস্ত রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের চার রাজ্য। এই অবস্থায় নির্বিচারে গাছ কাটা নিয়ে কেন্দ্রে এবং ওই চার রাজ্যের প্রসাসনকে তুলোধোনা করেছে সুপ্রিম কোর্ট।
অবৈধ বৃক্ষনিধন নিয়ে শীর্ষ আদালতের মন্তব্য, প্রকাশ্যে আইন ভাঙা হচ্ছে। এই বিষয়ে চার রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠিয়ে জবাবদিহি চেয়েছে দুই বিচারপতির বেঞ্চ। মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ধসে মৃত্যু হচ্ছে মানুষের, ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। যমুনার জল বিপদসীমার উপরে বইছে। এই অবস্থায় বৃহস্পতিবার বন্যা এবং এলাকায় অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা ওঠে প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে। শুনানির সময় প্রধান বিচারপতি বলেছেন, অভূতপূর্ব বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি মুখোমুখি।আদালত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এই সমস্যার সমাধানে নির্দেশ দিয়েছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকারকে তিন সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে হবে। শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল মন্তব্য করেন, দুর্ভাগ্যবশত, প্রকৃতির সঙ্গে বড্ড বেশি অন্য়ায় হয়েছে, এখন পালটা আঘাত আসছে।
