
হিন্দুত্ব হল হিংসার দর্শন, এটি আসলে একটি অসুখ, এমনই মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা মুফতি। তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি।
সম্প্রতি মধ্যপ্রদেশের এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করার পাশাপাশি এই উগ্র হিন্দুত্বের বিরুদ্ধে সরব হন মেহবুবা কন্যা ইলতিজা। তিনি বলেন, হিন্দুত্ব ও হিন্দু ধর্মের মধ্যে ফারাক অনেক। হিন্দুত্বের নামে ঘৃণার দর্শন ১৯৪০-এর দশকে দেশে ছড়িয়েছিলেন বীর সাভারকর। যার উদ্দেশ্য ছিল হিন্দুদের আধিপত্য বিস্তার। যার দর্শন ছিল ভারত হিন্দুর ও হিন্দুদের জন্য। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ।
এর পরই ইসলাম ধর্মের তুলনা টেনে মেহবুবা কন্যা বলেছেন, ইসলামের মত হিন্দু ধর্মও এমন একটা ধর্ম যা ধর্মনিরপেক্ষতা, প্রেম ও করুণাকে প্রাধান্য দেয়। ফলে জেনেশুনে এর পবিত্রতা বিকৃত করা উচিত নয়।
