
কেরলের ওয়েনাড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে হড়পা বানের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। ফলে একটা প্লাবনের আশঙ্কাও দেখা দিচ্ছে।
মৌসম ভবন সূত্রে খবর, বুধ থেকে বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে ওয়েনাড় এবং কোঝিকোড়ে ৭০-২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তার জেরেই নতুন করে বিপদের আঁচ করা হচ্ছে। মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, ভারতের পশ্চিম উপকূলে কত বৃষ্টি হতে পারে তার একটা পূর্বাভাস নিয়মিতই দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর দাবি, ৩০ জুলাই কেরলে চূড়ান্ত সতর্কাও জারি করা হয়েছিল। ৩০ জুলাই রাত থেকে ভোরের মধ্যে চার বার ধস নেমে এসেছিল ওয়েনাড়ে। তার জেরে মুন্ডাক্কাই, চূড়ালমালা, ভেলারিমালার মতো বেশ কয়েকটি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই ধসের ঘটনায় তিনশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু।
