
বিশ্ব উষ্ণায়ন নিয়ে চর্চার মধ্যে চলতি বছরেই শতাব্দীর দ্বিতীয় উষ্ণতম নভেম্বরের সাক্ষী ভারত। এমনটাই দাবি করা হয়েছে মৌসম ভবনের রিপোর্টে।
আবহাওয়া দফতরের ওই রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে দেশের গড় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ০ দশমিক ৬২ ডিগ্রি এবং ১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। দিনের গড় তাপমাত্রা বেড়েছে ০ দশমিক ৮৪ ডিগ্রি সেলসিয়াস। সারা মাস জুড়ে দেশের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল গড়ে ২৯ দশমিক ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯১ ডিগ্রি। আবহাওয়া দফতরের দাবি, ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১২৩ বছরে মাত্র একবার ছাড়া এত উষ্ণ নভেম্বর দেখেনি ভারতের কোনও শহর। সর্বাধিক তাপমাত্রার নিরিখে ২০২৪ সালের নভেম্বর মাসটি চলতি শতাব্দীর দ্বিতীয় উষ্ণতম নভেম্বর। দেশের বিভিন্ন জায়গায় দিনের গড় তাপমাত্রার নিরিখেও চলতি বছরের নভেম্বর তৃতীয় স্থানে রয়েছে। তাপমাত্রা সবচেয়ে বেড়েছে উত্তর-পশ্চিম ভারতে। মধ্য এবং দক্ষিণ ভারতেও একই চিত্র।
আইএমডির অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, পশ্চিমি ঝঞ্ঝাগুলি এবার জম্মু-কাশ্মীরের উচ্চ অক্ষাংশ বরাবর অতিক্রম করেছে। ফলে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়নি।
